নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২ফেব্রুয়ারি
নির্বাচনের আগে,আবারো উত্তপ্ত মালদা কালিয়াচক।সালিশি সভায় বচসার জেরে চলল গুলি ৷ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত এক ব্যক্তি ৷ গুরুতর আহত হয়েছেন আরও একজন ৷সোমবার এই ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ায় মালদার কালিয়াচক থানার মোজমপুর অঞ্চলের নারায়ণপুর গ্রামে৷ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কালিয়াচক থানার পুলিশ৷গোটা ঘটনার তদন্ত শুরু করেছে৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটে নারায়ণপুর গ্রামের কংগ্রেস নেতা তুহুর আলি বিশ্বাসের বাড়িতে৷ এলাকায় তিনি তুহুর মহাজন নামে পরিচিত৷ পারিবারিক কোনও বিবাদের জেরে আজ সেই বাড়িতে সালিশি সভার আয়োজন করা হয়েছিল৷ সভা চলাকালীনই দু’পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়৷ হঠাৎ গুলি চলতে শুরু করে৷ একটি গুলি লাগে সেখানে উপস্থিত শরিফ নওয়াজ চৌধুরির পেটে৷ 29 বছরের শরিফ ঘটনাস্থলেই মারা যান৷ আরেকটি গুলি লাগে 34 বছর বয়সি সালাম চৌধুরির শরীরের পিছনের অংশে৷ গুলির শব্দে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে যায়৷ গুলিবিদ্ধ দু’জনকেই সঙ্গে সঙ্গে
নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে৷ চিকিৎসকরা শরিফ নওয়াজকে মৃত বলে ঘোষণা করেন৷
যদিও গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ সবার৷ এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন তুহুর আলি বিশ্বাস কিংবা তাঁর ভাই সাইদুল বিশ্বাস৷
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ ঘটনাস্থল থেকে কিছু নমুনাও সংগ্রহ করা হয়েছে৷ তবে এনিয়ে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি৷ লিখিত অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল চলছে৷

No comments:
Post a Comment